যুদ্ধবিরতি নিয়ে ভিন্ন সুর ট্রাম্প ও নেতানিয়াহুর
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:৫৭
ইরানের রাজধানী তেহরানে আবারও অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের লাইভ প্রতিবেদনে জানানো হয়, শহরজুড়ে একাধিক স্থানে ধারাবাহিক হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, তেহরানের কেন্দ্রীয় এলাকায় ইরানি শাসনব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরে এসব হামলা পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, এই অভিযানে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় ইরানের অন্তত ১৭০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি।
এদিকে চলমান সংঘাত বন্ধের বিষয়ে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান শর্ত মেনে নিলে দ্রুত যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হতে পারে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, এখনই যুদ্ধ বন্ধের কোনো সময়সূচি নির্ধারণ করা হচ্ছে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।