বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

আগামী দুই দিনের মধ্যে আপনারা দারুণ কিছু দেখতে যাচ্ছেন:ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:১৩

সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহী নন বলে জানিয়েছেন মার্কিন সাংবাদিক জোনাথন কার্ল। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) এবিসি নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কার্ল জানান, ট্রাম্প মনে করেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আগামী দুই দিনের মধ্যে আপনারা দারুণ কিছু দেখতে যাচ্ছেন।”

কার্লের তথ্য অনুযায়ী, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন—এই সংঘাতের সমাপ্তি হতে পারে দুইভাবে: আলোচনার মাধ্যমে সমঝোতা, অথবা সামরিক পদক্ষেপে ইরানের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া।

ট্রাম্প বলেন, সমঝোতার পথই ভালো, কারণ এতে পুনর্গঠনের সুযোগ থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে ভিন্নধর্মী শাসনব্যবস্থা রয়েছে এবং “উগ্রপন্থীদের সরিয়ে দেওয়া হয়েছে।”

বিশ্ব রাজনীতিতে নিজের ভূমিকা নিয়েও বড় ধরনের মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায়, “আমি প্রেসিডেন্ট না থাকলে পৃথিবী আজ টুকরো টুকরো হয়ে যেত।”

এর আগে তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে।”

গত শনিবার ইসলামাবাদ-এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

এদিকে, পাকিস্তান ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি তেহরান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top