দিল্লির আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগান পেসার শাপুর জাদরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৭
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান বর্তমানে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ৩৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ)-সহ একাধিক জটিলতায় ভুগছেন।
চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। এক সময় মাঠে লম্বা চুল উড়িয়ে গতিময় বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা এই পেসার এখন শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরে শ্বেত রক্তকণিকার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। এর পাশাপাশি পূর্বের একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের জটিলতা দেখা দেয়। সাম্প্রতিক বোন ম্যারো পরীক্ষায় তার শরীরে এইচএলএইচ ধরা পড়ে, যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক প্রভাব ফেলছে। এছাড়া যক্ষ্মা ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়েছে।
শাপুরের ছোট ভাই জানিয়েছেন, বর্তমানে তিনি খুব বেশি কথা বলতে পারেন না এবং বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকেন। অসুস্থতার কারণে তার ওজনও দ্রুত কমে গেছে।
তার এই সংকটজনক অবস্থার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সামাজিক মাধ্যমে তাকে সাহস জুগিয়ে লিখেছেন, তিনি একজন লড়াকু যোদ্ধা এবং এই লড়াইয়েও জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী ও উমর আকমলসহ অনেক ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার চিকিৎসার ব্যয় বহন করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে শেষ রানটি এসেছিল শাপুরের ব্যাট থেকেই। ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৮০টি ম্যাচ খেলে ৮০টি উইকেট শিকার করেন।
এক সময় মাঠ কাঁপানো এই পেসার এখন জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছেন। তার সুস্থতা কামনায় প্রার্থনা করছে পুরো ক্রিকেট বিশ্ব।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।