এশিয়ার জলসীমায় ইরানি তেলবাহী জাহাজ প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:২৩
এশিয়ার জলসীমায় অন্তত তিনটি ইরানীয় পতাকাবাহী তেলবাহী জাহাজ (ট্যাঙ্কার) প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এসব জাহাজ ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিপিং ও নিরাপত্তা সূত্র। বুধবার (২২ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে রয়টার্স।
সূত্র অনুযায়ী, সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অবরোধ আরোপ করেছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনাও বাড়ছে, যেখানে ইরানও নিরাপত্তাজনিত কারণে কিছু পদক্ষেপ নিয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক সংঘাতের পর দুই মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পরিস্থিতি অস্থির থাকলেও আনুষ্ঠানিক শান্তি আলোচনা পুনরায় শুরু হয়নি।
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই পথ বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ ও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে বলেও জানা গেছে। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করা কিছু জাহাজ আটক এবং একটি জাহাজে গুলি চালানোর দাবি করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের ফলে আরও কয়েকটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজের গতিপথ পরিবর্তন হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।