সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

একে অপরের স্বামীকে চাই,হাইকোর্টে দুই বোনের ব্যতিক্রমী আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪৩

সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যপ্রদেশ হাইকোর্ট-এর গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন আদালতের কাছে একে অপরের স্বামীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

ঘটনার সূত্রপাত হয় দতিয়া জেলার এক ব্যক্তির দায়ের করা হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। তিনি অভিযোগ করেন, তার ভায়রাভাই তার স্ত্রী ও কন্যাকে অপহরণ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়।

তবে আদালতে হাজির হয়ে ‘অপহৃতা’ নারী সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দেন। তিনি জানান, তাকে অপহরণ করা হয়নি; বরং তিনি স্বেচ্ছায় নিজের বোনের স্বামীর কাছে গেছেন এবং ভবিষ্যতে তার সঙ্গেই থাকতে চান। পাশাপাশি, বর্তমান স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয় উল্লেখ করে তিনি আগেই বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বলেও জানান।

ঘটনা আরও নাটকীয় মোড় নেয় যখন অপর বোনও আদালতে একই ধরনের ইচ্ছা প্রকাশ করেন। তিনিও জানান, নিজের স্বামীর পরিবর্তে বোনের স্বামীর সঙ্গে জীবন কাটাতে চান। দুই বোনই আদালতের কাছে তাদের স্বামী পরিবর্তনের বিষয়টি আইনগতভাবে অনুমোদনের আবেদন জানান।

মামলাটি পর্যালোচনা করে আদালত দেখতে পায়, সংশ্লিষ্ট সকলেই প্রাপ্তবয়স্ক এবং এখানে অপহরণের কোনো উপাদান নেই। বিচারপতি মন্তব্য করেন, এটি মূলত একটি জটিল পারিবারিক বিরোধ। যেহেতু সবাই সাবালক, তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে স্বাধীন।

পরবর্তীতে হাইকোর্ট হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। ব্যতিক্রমী এই ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top