ল্যানসেট গ্লোবাল হেলথের গবেষণা

মার্কিন নিষেধাজ্ঞায় বছরে লাখো মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:৩২

সংগৃহীত

বিশ্বের অন্যতম চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে প্রতিবছর প্রায় ৫ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে।

গবেষণায় বলা হয়, ১৯৭১ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫২টি দেশের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, এসব মৃত্যুর মধ্যে প্রায় ৫১ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু, যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রে সরাসরি সরকার নয়, বরং সাধারণ জনগণের ওপর বেশি প্রভাব ফেলে। স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ ও প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হওয়ায় মৃত্যুহার বেড়ে যেতে পারে।

গবেষণাটির ভিত্তিতে লিবার্টেরিয়ান ইনস্টিটিউট জানিয়েছে, ১৯৭১ থেকে ২০২১ সাল পর্যন্ত এ ধরনের নিষেধাজ্ঞার ফলে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লাখে পৌঁছেছে।

গবেষক মার্ক ওয়েইসব্রট বলেন, এ ধরনের সমষ্টিগত শাস্তি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং এর পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি নেই। তিনি মনে করেন, সাধারণ মানুষের ওপর এ ধরনের প্রভাব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক নীতিনির্ধারণে পরিবর্তন আনা জরুরি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সর্বোচ্চ চাপের অভিযান’ নীতির প্রভাব এখনো বিভিন্ন দেশে অনুভূত হচ্ছে। বিশেষ করে ইরান-সহ কয়েকটি দেশের ক্ষেত্রে এই প্রভাব বেশি দৃশ্যমান।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মানবিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক পরিসরে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে, বিশেষ করে যখন এটি জনস্বাস্থ্য ও মানবাধিকারের প্রশ্নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top