বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আহত ৮০-এর বেশি

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৬

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১১:৪৫

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইউক্রেনে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ” বলে মন্তব্য করেছেন।

গত মঙ্গলবার বিকেলে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরাঞ্চলের চেরনিহিভে একযোগে হামলা চালায়। এসব এলাকায় শক্তিশালী গ্লাইড বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

জাপোরিঝিয়ার গভর্নর জানান, শুধু এই অঞ্চলেই ১২ জন নিহত এবং আরও ১২ জনের বেশি আহত হয়েছেন। হামলাটি এমন সময় হয়েছে যখন কিয়েভ ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল।

ক্রামাতোরস্কে অন্তত ৫ জন এবং দিনিপ্রো শহরে ৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় জ্বালানি সংস্থার প্রধান নির্বাহী জানান, হামলায় তাদের তিনজন কর্মী এবং দুইজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন। এতে উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়ার মধ্যে নতুন করে এই হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top