গভীর রাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় কুপ্রস্তাব দিলেন ৪০ জন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১৬:৪৮
শহরের রাস্তায় নারীরা কতটা নিরাপদ, তা সরেজমিনে জানতে অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরির পুলিশ কমিশনার সুমতি। তেলঙ্গানা ক্যাডারের এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে একা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
গত ১ মে দায়িত্ব নেওয়ার পর নারী নিরাপত্তার প্রকৃত চিত্র জানতে তিন ঘণ্টার এই অভিযানে নেমে উদ্বেগজনক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। কোনো নিরাপত্তা সদস্য বা পুলিশি প্রটোকল ছাড়াই সাধারণ পোশাকে অবস্থানকালে প্রায় ৪০ জন পুরুষ তাকে উত্ত্যক্তের চেষ্টা করে এবং কুপ্রস্তাব দেয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মালকাজগিরি থানার কাছের একটি বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করেন সুমতি। ছদ্মবেশে থাকায় উপস্থিত কেউ বুঝতে পারেননি যে তারা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন।
পুলিশ কমিশনার জানান, তার কাছে আসা ব্যক্তিদের মধ্যে যেমন নেশাগ্রস্ত মানুষ ছিল, তেমনি ছিল শিক্ষার্থী ও তরুণরাও। কেউ কেউ সাধারণ কথাবার্তার মাধ্যমে এগিয়ে এলেও পরে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেয়।
তিনি বলেন, শুধু অভিযোগের ওপর নির্ভর না করে মাঠপর্যায়ে নারী নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের পর উত্যক্তকারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিক মামলা না করে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্তদের থানায় ডেকে বিশেষ পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং নারীদের প্রতি সম্মানজনক আচরণের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। সুমতির মতে, অপরাধ দমনের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি।
তিনি জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে টহল বাড়ানো এবং অপরাধপ্রবণতা কমানোই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।
এর আগেও কাজিপেট রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনকালে একই ধরনের ছদ্মবেশি অভিযান চালিয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা।
মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার এই উদ্যোগ স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ক্যামেরা বৃদ্ধি এবং বিশেষ নারী নিরাপত্তা টহল দলের কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনার কথাও জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।