দেশের ১,৭১৯ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্ত হতে যাচ্ছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯
দেশের বেসরকারি নন-এমপিও এক হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্ত হওয়ার পথে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এমপিওভুক্তির জন্য মোট ৩,৬১৫টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে এক হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে যোগ্য ধরা হয়েছে। নির্বাচিত তালিকায় রয়েছে ৪৭১টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, ৬২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৫টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ১৪৫টি উচ্চমাধ্যমিক কলেজ, ৭৮টি দাখিল, ২০২টি আলিম ও ৩৫টি ফাজিল মাদ্রাসা, ৭৮টি স্নাতক (পাস) কলেজ, ২৩২টি স্নাতক (সম্মান) কলেজ এবং ৩৫টি স্নাতকোত্তর কলেজ।
চূড়ান্ত এমপিওভুক্তির ফলে সরকারের বার্ষিক ব্যয় বাড়বে প্রায় ৬৭০ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে ব্যয় হবে ১৮৩ কোটি ৮৮ লাখ, মাধ্যমিক বিদ্যালয়ে ৯২ কোটি ৫৯ লাখ, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১০২ কোটি ২২ লাখ এবং স্নাতক (সম্মান) কলেজে ১২৫ কোটি টাকা।
তবে এই প্রক্রিয়াকে ঘিরে কয়েক শ কোটি টাকার ঘুষবাণিজ্যের অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানভেদে ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে, কিছু ক্ষেত্রে শিক্ষকপ্রতি ১০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠানে লেনদেন অর্ধকোটি টাকারও বেশি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল। যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে। কোনো আর্থিক লেনদেন হয়নি।”
এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু হয় ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর মাত্র আট কর্মদিবসের মধ্যে ৩,৬১৫টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।