ঝাড়ু মিছিল নিয়ে প্রতিক্রিয়া জানালেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫০

সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের একটি ‘আপত্তিকর’ পোস্টকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো। এসব মিছিলে নারীদের হাতে ঝাড়ু থাকার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, “ছাত্রদল এবং বামদের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে বাজে মন্তব্য অপ্রতিরোধ্য নারী জাতির প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে। নারী কারো দাস হয়ে বাঁচবে না।”

তিনি আরও লেখেন, “গৃহস্থালির কাজ শুধু নারীর একার নয়, হাতে ঝাড়ু ধরা শুধু নারীর দায়িত্ব নয়। ঝাড়ু কেন স্রেফ নারী নেত্রীর হাতে থাকবে, পুরুষ নেতার হাতে থাকবে না কেন? যুগের পর যুগ ধরে নারীর প্রতি এই বৈষম্য চলে আসছে। নারীকে দাসে রূপান্তরিত করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বামদের কাছ থেকে অন্তত আমি এটা আশা করিনি।”

পোস্টের মন্তব্য ঘরে নিজের বক্তব্য স্পষ্ট করে সর্বমিত্র চাকমা বলেন, “দেখেন, আমি সমাজবিজ্ঞানের ছাত্র। আমি সমাজ পর্যবেক্ষণ করে আমার কথা বলি। আমার কথাকে রাজনৈতিকভাবে না নেওয়ার অনুরোধ করছি।”

তার এ পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই এতে এক হাজারের বেশি ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য জমা পড়ে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top