একুশে পদক পাচ্ছেন ববিতা, উৎসর্গ জহির রায়হানকে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮
অভিনয়ে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। এই রাষ্ট্রীয় সম্মাননা তিনি উৎসর্গ করেছেন প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্রকার শহীদ জহির রায়হানকে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়। এবছর ৯ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান এই পদক পাচ্ছে। পদকপ্রাপ্তির খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ববিতা বলেন, “দেরিতে হলেও একুশে পদক পেয়েছি, তাতেই আমি খুব খুশি।” ঘোষণার পর থেকেই শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছে তাঁর মুঠোফোন।
এ প্রসঙ্গে ববিতা বলেন, “মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন। জীবদ্দশায় এমন রাষ্ট্রীয় পদক পাওয়া ভাগ্যের ব্যাপার। রাষ্ট্রের প্রতি এবং যাঁরা আমাকে নির্বাচিত করেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ভক্ত-দর্শক ও সংবাদমাধ্যমের প্রতিও আন্তরিক ধন্যবাদ—তাঁদের অনুপ্রেরণাতেই আমি আজকের ববিতা।”
চলচ্চিত্রে ববিতার যাত্রা শুরু হয়েছিল শহীদ জহির রায়হানের হাত ধরে। সে কারণেই এই সম্মাননাটি তাঁকেই উৎসর্গ করেছেন অভিনেত্রী। ববিতা বলেন, “শ্রদ্ধেয় শহীদ জহির রায়হানের হাত ধরেই আমার অভিনয়ে আসা। তাই একুশে পদকটি তাঁকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।”
১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন ববিতা। পরবর্তী সময়ে ‘নয়নমণি’ (১৯৭৬) ও ‘বসুন্ধরা’ (১৯৭৭) সিনেমার জন্যও তিনি একই পুরস্কার লাভ করেন। এছাড়া ‘রামের সুমতি’, ‘হাছন রাজা’, ‘কে আপন কে পর’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ‘পোকামাকড়ের ঘরবসতি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ প্রযোজক হিসেবেও সম্মাননা পান ববিতা। চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য ২০১৬ সালে তাঁকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।
অস্কারজয়ী বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন ববিতা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।