কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান
খুলনা প্রতিনিধি: | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩০
একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে বলে অভিযোগ করে তা দেশের জন্য “কলঙ্কজনক” বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আজকে বাংলাদেশের তাবৎ মা–বোনদের বলব, যারা আপনাদের এভাবে অপমানিত করে, তাদেরকে কীভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।”
কারও নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের এক নেতা সম্প্রতি কর্মজীবী নারীদের সম্পর্কে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা প্রকাশ করতে লজ্জা লাগে এবং তা এ দেশের জন্য অত্যন্ত নিন্দনীয় ও কলঙ্কজনক।
বিএনপির চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন, “যে দল নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক ভাষায় আঘাত করে, তারা যদি নির্বাচনে সুযোগ পায়, তাহলে নির্বাচনের পর তাদের আচরণ কেমন হতে পারে—সেটি দেশবাসীকেই ভাবতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে এবং প্রয়োজনে নিজেদের মতো করে ধর্মীয় বিষয় তুলে ধরে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।