আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ আর হাফিজ উল্লাহ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ঘোষিত ইশতেহারে সমাজ সংস্কার, স্বাস্থ্যসেবা, নারী উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, নদী রক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহারে উল্লেখ করা হয়, সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় দূর করতে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিক আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
নারী উন্নয়নের বিষয়ে বলা হয়, নারী শিক্ষা ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।
কৃষি খাতে ছোট ও মাঝারি কৃষকদের জন্য প্রশিক্ষণ, আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বিনা সুদে ঋণ সুবিধা চালুর অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি নদী ভাঙন রোধে জিও–ব্লক ও গ্রিন বেল্ট পদ্ধতিতে টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ভোলা নদীসহ অন্যান্য নদী সংস্কারের ঘোষণা দেওয়া হয়।
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সড়ক প্রশস্তকরণ, ব্রিজ–কালভার্ট নির্মাণ, টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, সৌরবিদ্যুৎ স্থাপন, বাজার সংস্কার, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবদুর রহিম এবং কমলনগর উপজেলার সাবেক আমির মাওলানা নুর উদ্দিন মাহমুদসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় এ আর হাফিজ উল্লাহ বলেন, “ভোটারদের সমর্থন ও দোয়া পেলে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর–৪ গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।”
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।