পেশাগত বন্ধন জোরদারে চট্টগ্রামে সিএমআরইউ’র আয়োজন
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৩:৪৬
চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের পেশাগত বন্ধন সুদৃঢ় করা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাসের ১৭ রমজান উপলক্ষে শনিবার নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
“সাংবাদিকতার একাল-সেকাল” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়। একজন সাংবাদিক কেবল সংবাদ সংগ্রহই করেন না, বরং সমাজের দর্পণ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরনবী শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক আয়ান শর্মা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক রাজীব উদ্দিন আখন্দ, রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ রিপন, সাংবাদিক আমিন, দৈনিক যুগান্তরের কাওছার, বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ সাংবাদিক রেজা মোজাম্মেলসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনায় বক্তারা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধরণেও পরিবর্তন এসেছে। প্রযুক্তির অগ্রগতির ফলে সংবাদ সংগ্রহ ও প্রচারের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। তাই আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি।
বক্তারা আরও বলেন, একজন পেশাদার সাংবাদিককে সবসময় সত্যের পক্ষে থাকতে হবে। নানা চাপ, হুমকি কিংবা প্রলোভন থাকলেও সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা সাংবাদিকতার মূল ভিত্তি।
সভাপতির বক্তব্যে সাজ্জাদ হোসাইন বলেন, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক সাংবাদিকতার চর্চা জোরদারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।