রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৫:৪৩

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় রেখে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এ বছর ২৬ মার্চ সারা দেশে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে সাধারণত ঐতিহ্যগতভাবে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সংকট এড়াতে এবং সাশ্রয় নিশ্চিত করতে এবার দেশব্যাপী এ দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একই সঙ্গে দিবসটি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্ত্রী জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ ভাবগাম্ভীর্য ও বেদনার সঙ্গে পালন করা হবে। অতীতের মতো যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।

তিনি বলেন, এ আয়োজনের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যুক্ত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

২৬ মার্চ প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলের নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া ঈদের আগে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। শিল্প এলাকার নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত মহাপরিদর্শককে সমন্বয় দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি তৈরি পোশাক শিল্পের মালিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

সমবেত মানুষের হাতে তাৎক্ষণিক বিচার বা গণপিটুনির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব ঘটনাকে একসঙ্গে গণআক্রমণ হিসেবে দেখলে হবে না। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক অপরাধের ঘটনাও ঘটে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, নরসিংদীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্তে দেখা গেছে তার সৎ বাবা জড়িত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন হেফাজতে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রামসহ কয়েকটি ঘটনার তথ্যও সরকারের নজরে রয়েছে এবং সেগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে বিচ্ছিন্ন এসব ঘটনাকে গণআক্রমণের সঙ্গে তুলনা করা ঠিক নয়। এ ধরনের সংস্কৃতি নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সম্ভাব্য আন্দোলনের বিষয়ে তিনি বলেন, মালিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানই ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও উৎসব ভাতা পরিশোধ করতে পারবে বলে আশা প্রকাশ করেছে। সরকার ও ব্যাংক খাত থেকেও প্রয়োজনীয় সহযোগিতা থাকবে বলে জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top