কুড়িগ্রামের ‘তাজু ভাই ২.০’ ভাইরাল, বললেন—দুঃখ ভুলতেই ভিডিও করি

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৫

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক তরুণের সহজ-সরল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাইজুল ইসলাম (৩০) নামে ওই কনটেন্ট নির্মাতা এখন অনলাইনে ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে (২৬ মার্চ) নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রির একটি ভিডিও ধারণ করেন তিনি। ভিডিওতে দোকানির কাছে ‘সরকারি রেটে’ জিলাপি বিক্রি হচ্ছে কি না—এমন প্রশ্ন করতেই মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, গ্রাম্য ভাষায় তিনি বলেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? সাদাডা কত, লালডা কত?”—তার এই উপস্থাপনাই দর্শকদের দৃষ্টি কেড়েছে।

ভাইরাল হওয়ার পর তার ফলোয়ার সংখ্যা দ্রুত বেড়ে প্রায় ৯০ হাজারে পৌঁছেছে, যা আগে ছিল মাত্র ছয় হাজার। ইতোমধ্যে ভিডিওটি প্রায় ৫৫ লাখবার দেখা হয়েছে।

নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম দরিদ্র পরিবারের সন্তান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি বড়। অভাবের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পাননি। বর্তমানে তিনি ঢাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন।

তাইজুল ইসলাম জানান, “পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই আমি ভিডিও করি। আমি সাংবাদিক না। আমাদের এলাকায় সাংবাদিকরা আসেন না, তাই নিজেরাই এলাকার কথা তুলে ধরার চেষ্টা করি। ভুল হলে মানুষ ট্রল করতেই পারে, এতে আমার কষ্ট নেই। আমি চাই আমাদের চরের মানুষের উন্নয়ন হোক।”

এদিকে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি আগে জানতেন না, পরে শুনেছেন ওই তরুণ ভিডিও করে ভাইরাল হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতার প্রশংসা করছেন, আবার কেউ করছেন সমালোচনা। তবে সব মিলিয়ে ‘তাজু ভাই ২.০’ এখন আলোচনার কেন্দ্রে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top