দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে জনপ্রিয় অভিনেতা শামীম জামান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৩:২৯
সাঁওতাল জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’ আবারও মঞ্চে আসছে। মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন করবে আরণ্যক নাট্যদল।
এটি দলের ৪৫তম প্রযোজনা, যা দীর্ঘদিন পর মঞ্চে ফিরিয়ে আনছে জনপ্রিয় অভিনেতা শামীম জামানকে।
নাটকে প্রত্যাবর্তন নিয়ে শামীম জামান বলেন, ব্যস্ততার কারণে দীর্ঘ তিন বছর তিনি মঞ্চ থেকে দূরে ছিলেন। তিনি জানান, মঞ্চই তার অভিনয় জীবনের শুরু এবং এটি তার কাছে “আপন ভুবন”। ব্যস্ততা সত্ত্বেও মঞ্চনাটককে তিনি গভীরভাবে মিস করেন এবং ‘রাঢ়াঙ’-এর মাধ্যমে আবারও মঞ্চে ফিরতে পেরে তিনি আনন্দিত।
নাটক ‘রাঢ়াঙ’-এর কাহিনি মূলত ২০০০ সালে নওগাঁর সাঁওতাল জনগোষ্ঠীর ভূমি আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তরুণ আলফ্রেড সরেন, যিনি পরবর্তীতে জোতদারদের হাতে নিহত হন। তার আত্মত্যাগ ও আন্দোলনের গল্প নিয়েই নাটকটি রচনা করেন নাট্যকার মামুনুর রশীদ।
প্রথমবার নাটকটি মঞ্চে আসে ২০০৪ সালে। এরপর এটি ভারত ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চস্থ হয়ে প্রশংসা অর্জন করে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।