বড় ব্যবধানে কমেছে সোনার দাম, ভরিতে কত কমল?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১০:৪০
দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনা ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এ দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমেছে ৬৪১ টাকা।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি ২২ মানের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। ২১ মানের সোনার দাম ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ মানের সোনা ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সোনার দাম বাড়িয়ে প্রতি ভরি ২২ মানের সোনা ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ মানের সোনার দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ মানের সোনা ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম মোট ৩৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। গত বছর মোট ৯৩ দফা দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।
অন্যদিকে রুপার নতুন দামে প্রতি ভরি ২২ মানের রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। ২১ মানের রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ মানের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। গত বছর মোট ১৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় চাহিদা ও সরবরাহ পরিস্থিতির কারণেই মূলত সোনা ও রুপার দামে এই পরিবর্তন এসেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।