এফডিসিতে আর শুটিং নয়, ব্যবহৃত হবে গবেষণায়: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:০০

সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফ্লোরে আর শুটিংয়ের কোলাহল থাকছে না। পুরো শুটিং কার্যক্রম স্থানান্তরিত হবে কবিরপুর ফিল্ম সিটিতে, আর এফডিসির পরিসর ব্যবহার করা হবে শুধুই চলচ্চিত্র গবেষণার কাজে—এমন ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএফডিসিতে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং ঝর্ণা স্পটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম বলেন, “সামনে এই এফডিসিতে এসে কেউ শুটিং করবেন না, শুটিং হবে কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসির এই জায়গাটা থাকবে গবেষণার জন্য। স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটি ইকো-সিস্টেমের মধ্যে আনা হবে।”

চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে নেওয়ার পরিকল্পনা

বাংলাদেশি চলচ্চিত্রকে বিশ্বে তুলে ধরার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন। সে লক্ষ্য বাস্তবায়নে গুণগতমানসম্পন্ন কনটেন্ট নির্মাণ জরুরি।”

তিনি আরও জানান, একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার প্রতিটি বড় শহরে আধুনিক সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

 

সরকারি অনুদানে নতুন নীতি

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে বাণিজ্যিক ও অবাণিজ্যিক—এই বিভাজন তুলে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। “আমরা ভালো সিনেমাকে অনুদান দেব। ধারার ভিত্তিতে বিভাজন করতে চাই না,” বলেন উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান। আরও বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top