রটারডাম উৎসবে বাংলাদেশের বড় সাফল্য, বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল ‘মাস্টার’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৮
রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬–এ বাংলাদেশের সিনেমার জন্য এলো উল্লেখযোগ্য সাফল্য। উৎসবের মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’।

উৎসব কর্তৃপক্ষের ঘোষণায় জানানো হয়, বিগ স্ক্রিন কম্পিটিশনে নির্বাচিত ১২টি ছবির মধ্য থেকে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে বিজয়ী হয়েছে ‘মাস্টার’। এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকা। একই সঙ্গে ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব অর্জনকারী পরিবেশককে উৎসবের পক্ষ থেকে আরও ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে। এর ফলে ইউরোপীয় বাজারে ছবিটির বাণিজ্যিক সম্ভাবনা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিচারকদের মতে, ‘মাস্টার’ এক ব্যক্তির নৈতিক কম্পাস আঁকড়ে ধরার সংগ্রামের সার্বজনীন গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের প্ররোচনামূলক এবং ধ্বংসাত্মক শক্তি কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়, তা ছবিতে অত্যন্ত সূক্ষ্ম ও বহুস্তরীয়ভাবে তুলে ধরা হয়েছে। রঙিন ভিজ্যুয়াল, প্রাণবন্ত লোকেশন ও বাস্তবধর্মী পার্শ্ব চরিত্রগুলোর ভিড়ে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন প্রধান অভিনেতা।

বিগ স্ক্রিন কম্পিটিশনের জুরি বোর্ডে ছিলেন জান-উইলেম ভ্যান আইক, সারা ইশাক, লুস লুকা, ক্রিস উস্টেরম এবং মিলা শ্লিংগেম্যান।
এর আগে গত ২ ফেব্রুয়ারি রটারডামে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। প্রিমিয়ারের আগেই যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান Kwanon Films নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় ছবিটি বাড়তি আলোচনায় আসে। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন চার্লি চ্যাপলিনের নাতনি কারমেন চ্যাপলিন ও প্রযোজক আশিম ভাল্লা।

একটি ছোট বনঘেরা শহরের পটভূমিতে নির্মিত ‘মাস্টার’ ছবিতে দেখা যায়, একজন আদর্শবাদী উচ্চবিদ্যালয়ের ইতিহাস শিক্ষক জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার চাপে ধীরে ধীরে বদলে যান। ন্যায়বোধ ও জনকল্যাণের আকাঙ্ক্ষা থেকে শুরু করে কর্তৃত্ববাদী রূপান্তর—এই ভাঙনই ছবিটির মূল দ্বন্দ্ব।
ছবিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজসহ আরও অনেকে। চিত্রনাট্য সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।