ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ইরফান লিখেছেন, শিক্ষার্থীরা, যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করেছ, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।
পোস্টের সঙ্গে তিনি সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এর একটি ছবি সংযুক্ত করেছেন। সেখানে তিনি নিজের এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং উল্লেখ করেছেন, “আমাদের সময়ে পাশের হার ছিল মাত্র ২৮ শতাংশ। সেই সময়ে এই ভদ্রলোক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।”
ইরফানের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে নানা ধরনের মজার মন্তব্যও দেখা গেছে। তাহের রাব্বী নামের একজন লিখেছেন, “আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাশ করলে এলাকাবাসী দেখতে আসবে।” শোয়েব তাহসিন মন্তব্য করেছেন, “এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।”
পোস্টটি সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিনোদনমূলক প্রতিক্রিয়ারও সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।