বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

রমজানে সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৬

সংগৃহীত

আসন্ন রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, প্রত্যেকে নিজ নিজ মন্ত্রণালয়ে প্রভাবমুক্ত ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করবেন এবং দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থান নেবেন।

তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কর্মসূচিতে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনার নির্দেশনা দিয়েছেন।

নুর জানান, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের বিশেষ উদ্যোগের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দেশের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যভিত্তিক। তিনি বৈঠকে উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় মধ্যপ্রাচ্যে শ্রমবাজার উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে তার ধারাবাহিকতা বজায় ছিল। তবে পরবর্তীতে নানা কারণে অনেক শ্রমবাজারে স্থবিরতা দেখা দেয়। এসব বাজার পুনরায় উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে বলেও তিনি মত দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top