সড়কে “সমঝোতার ভিত্তিতে” নেওয়া টাকা চাঁদা নয়:মন্ত্রী শেখ রবিউল আলম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৭
সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে যে টাকা নেওয়া হয়, তা চাঁদা নয়। বরং যদি টাকা দিতে বাধ্য করা হয়, সেটাই চাঁদা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, “সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, আমি সেটাকে চাঁদা হিসেবে দেখি না। মালিক সমিতি ও শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটি অলিখিত বিধির মতো। চাঁদা বলতে আমি সেই টাকা বোঝাই, যা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয়, সে নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এটি সমঝোতার ভিত্তিতে করা হয়।”
মন্ত্রী আরও বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অনেক সংস্থা সমঝোতার ভিত্তিতে টাকা তোলে। এখানে প্রাধান্য পায় সেই মালিক বা দলের প্রভাব, যার ক্ষমতা বেশি। তবে আমরা এটাকে চাঁদা হিসেবে দেখি না, কারণ এটি স্বেচ্ছায় ও সমঝোতার ভিত্তিতে হয়।”
তিনি উল্লেখ করেন, “যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা জায়গাগুলোতে বাইরে থেকে কেউ চাপ দিয়ে চাঁদা বা সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে টাকা তোলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করব। দেখা হবে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না এবং অর্থের অপব্যবহার হচ্ছে কি না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।