স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে সরেজমিনে নজরদারি করবেন স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৯
চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের যথাযথ সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের মানসম্মত সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। সেবা প্রদানে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কিনা, তা আমরা হাসপাতালে গিয়ে সরাসরি দেখব। সকলকে জবাবদিহি করতে হবে এবং আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেব না।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেছেন, দলমত নির্বিশেষে সবাইকে সমানভাবে সেবা দিতে হবে।
সভায় স্বাস্থ্য সচিব সাইদুর রহমান সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সভায় এম এ মুহিত দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে বলেন, “আমাদের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে প্রচুর শূন্যপদ রয়েছে, যার কারণে মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শূন্য পদ পূরণে ব্যবস্থা নিতে হবে। এছাড়া মেডিকেল শিক্ষার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া দরকার।”
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।