ট্রাইব্যুনালের বিচার ধীরগতি ও বাধাগ্রস্ত না হওয়ায় সরকারের প্রতি আখতার হোসেনের আহ্বান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৭
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কোনোভাবেই যেন ধীরগতি বা বাধাগ্রস্ত না হয়, সেজন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি আখতার হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি জানতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, নির্বাচিত সরকারকে দায়িত্ব নিয়ে তা করতে হবে।”
আখতার হোসেন আরও বলেন, “আমরা যারা আন্দোলনের সম্মুখভাগে জনতার দায়িত্ব নিয়ে আন্দোলন সংগঠিত করেছি, আমাদের প্রধান দায়িত্ব হলো বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন এবং বিচার কার্যকর করা।”
তিনি বলেন, “সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপি সরকারের রয়েছে, তা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢুকে না পড়ে। জনগণ দেশের প্রয়োজনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। এত বড় জনগোষ্ঠীকে বিএনপি ওভারটেক করতে পারবে না। জনচাপে বাধ্য হয়ে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বাধ্য হবে।”
জুলাই গণহত্যার মামলার বিষয়ে আখতার হোসেন জানান, “৩টি মামলায় রায় দেওয়া হয়েছে, তবে তা এখনও কার্যকর হয়নি। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। এই দায়িত্ব বর্তমান নির্বাচিত সরকারের ওপর সবচেয়ে প্রধান দায়িত্ব।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।