বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

আইনশৃঙ্খলা বাহিনীর মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার:স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৪:৩৩

সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান অগ্রাধিকার। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না; তাই এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।” তিনি আরও জানান, সরকারের লক্ষ্য জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা। খুব শিগগিরই রাজধানী থেকে চাঁদাবাজদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতের মতো তাবেদারি নয়; পুলিশকে জনবান্ধন পুলিশে পরিণত করা হবে। এছাড়া যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশার নিয়ন্ত্রণ করা হবে।” তিনি আরও জানান, যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে।

জনগণকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “এটি জনগণের সরকার। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।”

তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না—এটি শৃঙ্খলা ভঙ্গের অন্তর্ভুক্ত।”

মন্ত্রী আরও জানান, রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে পদক্ষেপ নেয়া হবে। ব্যাটারি চালিত গাড়ি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কীভাবে নেয়া যায়, তা নিয়ে ডিএমপিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top