মায়ের শেষ সিনেমার সিক্যুয়েলে মুখ্য ভূমিকায় খুশি কাপুর
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৩:৫৭
কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি মম ছিল তার বড়পর্দার শেষ কাজ। সমালোচকদের প্রশংসা ও দর্শকদের ভালোবাসা পাওয়া সেই ছবির পরবর্তী কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা। নতুন অধ্যায়ে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর।
ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন গিরীশ কোহলি। প্রথম কিস্তির পরিচালক রবি উদয়ওয়ার সফলতার পর এবার গল্পে নতুন মোড় ও সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরার দায়িত্ব পেয়েছেন তিনি। নির্মাতাদের ভাষ্য, মূল ছবির আবেগঘন শক্তি অটুট রেখে বর্তমান সময়ের সামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলা হবে নতুন কিস্তিতে।
গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত ও করিশ্মা তান্না। প্রযোজনায় রয়েছেন খুশির বাবা বনি কাপুর, যিনি প্রথম ছবির সঙ্গেও যুক্ত ছিলেন। সহ-প্রযোজক হিসেবে থাকছেন অক্ষয় পুরি।
এর আগে পূর্ণদৈর্ঘ্য ছবি দ্য আর্চিস-এ বেটি কুপার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন খুশি কাপুর। পাশাপাশি তিনি কাজ করেছেন ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়ানে’। অন্যদিকে বড় বোন জানভি কাপুর ইতোমধ্যেই একাধিক আলোচিত ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজ অবস্থান সুদৃঢ় করেছেন।
এখন দেখার অপেক্ষা, মায়ের উত্তরাধিকারসূত্রে পাওয়া আবেগ, দর্শকের প্রত্যাশা ও নতুন প্রজন্মের আত্মবিশ্বাস মিলিয়ে ‘মম’-এর পরবর্তী কিস্তিতে কেমন অভিনয় উপহার দেন খুশি কাপুর।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।