বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ঈদে আসছে মানবিক গল্পের নাটক ‘যে বাঁধন যায়না ছেঁড়া’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:৫৮

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে মানবিক গল্পভিত্তিক বিশেষ নাটক ‘যে বাঁধন যায়না ছেঁড়া’। পিতা–পুত্রের সম্পর্ক, দায়িত্ববোধ এবং পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।

সম্প্রতি রাজধানীর উত্তরা, মিরপুর-১২ ও আগারগাঁও এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, অভিনেতা ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক এবং শিশু শিল্পী ইব্রাহিমসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, হায়াত সাহেব নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি সারাজীবন মফস্বলে চাকরি করে একমাত্র ছেলে জাফরকে মানুষ করেছেন। নিজের জমিজমা বিক্রি করে ছেলেকে ঢাকায় পড়াশোনা করিয়েছেন। এখন জাফর ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে সংসার করছে।

স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ হায়াত সাহেব চিকিৎসার জন্য ছেলের বাসায় আসেন। শুরুতে আন্তরিকতা থাকলেও ধীরে ধীরে নানা বাস্তবতায় সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ছোট সংসারে দায়িত্ব, বাস্তবতা ও আবেগের দ্বন্দ্বে গড়ে ওঠে এক মানবিক গল্প।

নাটকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, গল্পটি খুব পরিচিত এক বাস্তবতার কথা বলে। আমাদের সমাজে অনেক পরিবারেই এমন পরিস্থিতি দেখা যায়। সেই অনুভূতিটাই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে ইরফান সাজ্জাদ বলেন, এখানে একজন ছেলের দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে। গল্পটি দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।

নির্মাতারা আশা করছেন, পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানবিক বার্তার কারণে নাটকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।

‘যে বাঁধন যায়না ছেঁড়া’ নাটকটির রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রমজান আলী এবং আবহসংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান।

ঈদ উপলক্ষে নাটকটি প্রচারিত হবে রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top