বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ পেল সিয়াম অভিনীত ‘রাক্ষস’-এর প্রথম পোস্টার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৯:০৮

সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘রাক্ষস’–এর প্রথম পোস্টার। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পোস্টারটি প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

পোস্টারে এক ভিন্ন রূপে দেখা গেছে সিয়াম আহমেদকে। একটি চেয়ারে বসে আছেন তিনি, পায়ের ওপর পা তুলে। ঠোঁটে সিগারেট কিংবা হাতে রক্তমাখা চাপাতি— এমন ভয়ংকর উপস্থিতিতে ধরা দিয়েছেন অভিনেতা। তার মুখ ও পোশাকে লেগে আছে রক্তের দাগ। চেয়ারের চারপাশে পড়ে আছে একাধিক মৃতদেহ, আর তাদের ওপর ঝরছে গোলাপের পাপড়ি। পোস্টারের ওপরে লাল রঙে লেখা রয়েছে সিনেমার নাম ‘রাক্ষস’।

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, দীর্ঘদিন ধরেই বড় পর্দায় ভিন্নধর্মী বা পাগলাটে প্রেমের গল্প দেখা যায় না। তার মতে, ‘রাক্ষস’ এমনই একটি ক্রেজি লাভ স্টোরি, যার সঙ্গে রয়েছে পারিবারিক আবেগের মিশেল। তিনি আশা প্রকাশ করেন, ঈদে মুক্তি পেলে সিনেমাটি দর্শকদের কাছে বেশ সাড়া ফেলবে।

তিনি আরও বলেন, রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে নির্মিত ‘বরবাদ’ সিনেমার তুলনায় ‘রাক্ষস’–এ অনেক বেশি অ্যাকশন ও ভায়োলেন্স রয়েছে— প্রায় তিন গুণ। দর্শক ছবিটি পছন্দ করবেন এবং একাধিকবার দেখতে চাইবেন বলেও বিশ্বাস তার।

সিনেমাটির আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। বলিউডের পাশাপাশি তিনি হলিউডেও কাজ করেছেন। অভিনয় করেছেন ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’–এর মতো ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’–এও অংশ নিয়েছিলেন তিনি।

প্রযোজকের ভাষ্য, নাতালিয়ার উপস্থিতি ছাড়াও সিনেমাটিতে রয়েছে আরও কয়েকটি চমক। খুব শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top