বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতির ভাষণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেইজে সরাসরি সম্প্রচার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৯:২৮

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ভাষণ শুরু হওয়ার আগেই প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন জামায়াতে ইসলামী জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের কার্যপ্রণালি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন (বীর বিক্রম)। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’—এমন নানা বার্তা লেখা ছিল।

সংসদ কক্ষে তখন হট্টগোল ও চিৎকার চলতে থাকলেও রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করে স্পিকারের পাশে আসন গ্রহণ করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখেন। তবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের সময় তারা চিৎকার বন্ধ করে আসন থেকে উঠে দাঁড়ান।

পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি তার বক্তব্য শুরু করেন। ভাষণ চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। স্পিকার একাধিকবার সংসদ সদস্যদের শান্ত থাকার এবং রাষ্ট্রপতির বক্তব্য শোনার আহ্বান জানান। তবে তাতে সাড়া না দিয়ে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

তবে সংসদ থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রপতির ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার ভাষণে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান ও সেই সময়ের শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন।

এ সময় আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কৃষি ও অর্থনীতিতে জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top