আমি চলে গেলে এখানে কোনো বিদেশি মেয়ে আসবে না, কথা দিচ্ছি আমি: মনিকা কবির
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১২:৩৩
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে ব্যাপক সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন মনিকা কবির। একাধিক বিতর্কিত ঘটনার জেরে আলোচনায় আসা এই তরুণী আবারও নতুন মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ত সড়কে এক বৃদ্ধ পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ওই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও কটাক্ষ শুরু হলে দেশের সাধারণ মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রুশ বংশোদ্ভূত এই কথিত মডেল।
গুলশানের ওই ঘটনার পর মনিকা কবিরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়েছে।
সম্প্রতি এক মুঠোবার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করে মনিকা কবির বলেন, আপনারা আপনাদের মেয়েদের ওপর দেশে পানি ফেলেন। আমি চলে গেলে এখানে আর কোনো বিদেশি মেয়ে আসবে না—আপনাদের কথা দিচ্ছি। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। কিন্তু বাংলাদেশ যদি আমাকে কষ্ট দেয়, আমিও বাংলাদেশকে কষ্ট দেব। এভাবে চলতে পারে না। আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি, আপনাদের সংস্কৃতিকে আমার দেশে তুলে ধরেছি।
জানা যায়, কয়েকদিন আগে গুলশান-২ এলাকায় একটি ছোট ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগ তার গায়ে সামান্য লাগলে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং হাতে থাকা ব্যাগ ছুড়ে মেরে তাকে মারধর ও লাঞ্ছিত করেন।
ঘটনার ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মনিকা কবির। পরে সেটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় সমালোচনা ও বিতর্ক।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর মুখ্য বিচারিক আদালতে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন।
জানা গেছে, মনিকা কবিরের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। পরিবারে তাকে ‘মনিশকা’ নামে ডাকা হয়। তার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা মস্কোতে। মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসার সূত্রে ২০১২ সালে প্রথম বাংলাদেশে আসেন তিনি।
এর আগে থেকেই তার পোশাক-পরিচ্ছদ ও চলাফেরা নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক ছিল। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর সেই বিতর্ক আবারও নতুন করে তীব্র হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।