বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রামক ব্যাধি হাসপাতালে চালু হলো আইসিইউ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১১:০৩

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু করা হয়েছে।

সোমবার মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক দিনের মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন। সেই ঘোষণার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়ে কেন্দ্রটি চালু করা হয়।

সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগীর চাপ তৈরি হয়। এতে বেড সংকট দেখা দেয় এবং রোগীদের ফ্লোর ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে।

এক শিশু মৃত্যুর খবর পেয়ে সোমবার মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি জানান, সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসা সেবায় কোনো অবহেলা নেই। প্রকল্প বন্ধ থাকায় আইসিইউ কার্যক্রম স্থগিত ছিল। তবে দ্রুত চিকিৎসক, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় জনবল যুক্ত করে এটি চালু করা হবে।

পরবর্তীতে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র পরামর্শক (অ্যানেস্থেসিয়া) ও একজন অ্যানেস্থেটিস্টকে সংযুক্ত করা হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন শেষে পাঁচ শয্যার আইসিইউ ইউনিটটি জরুরি সেবা দিতে প্রস্তুত করা হয়েছে।

একইসঙ্গে, সংক্রামক ব্যাধি হাসপাতালটি মাত্র ১০০ শয্যার হওয়ায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে পাশের ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথক ইউনিট চালুর ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top