বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

জেনে নিন স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ সমন্বয়ের পর আজ (বুধবার, ১৮ মার্চ) নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

গত ১৪ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে ১৩ মার্চ স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেট ছিল ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বাড়ানো এবং ১৭ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বেড়েছে এবং ১১ দফা কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top