রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা তদন্ত প্রতিবেদন ১২ মার্চ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৮

সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন প্রতিবেদন দাখিল না করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বাড়ানোর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলাটি সাবেক অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে তদন্তে ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় পুলিশ প্রবিধান ৪৪৪ বিধি অনুযায়ী মামলাটির অধিকতর তদন্ত প্রয়োজন হয়। এসব ত্রুটি সংশোধনের লক্ষ্যে ডকেট প্রাপ্ত হয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের স্বার্থে সময়সীমা বাড়ানো প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি মামলাটিতে তদন্তের ত্রুটি-বিচ্যুতি থাকায় অধিকতর (পূর্ণাঙ্গ) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল ব্যক্তি ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এদের মধ্যে ১৩ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং আটজন পলাতক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top