রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নতুন বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: জাইমা রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৭

সংগৃহীত

বাংলাদেশকে নতুন করে গড়তে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরি এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

জাইমা রহমান বলেন, “আমরা অন্য রকম একটি দেশ গড়তে চাই। তার জন্য মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে। পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে।”

নারী নেতৃত্বের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি শক্তিশালী পাইপলাইন তৈরি করতে হবে এবং সেটি ধরে রাখতে হবে। তা না হলে নারীদের সামনে সুযোগ-সুবিধার পরিসর তৈরি হবে না। ফলে অনেক যোগ্য ও দক্ষ নারী নেতৃত্বে আসার সুযোগ পাবে না।

তিনি আরও বলেন, নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে বাড়তি সুযোগ-সুবিধা দিতে হবে। আর্থিক নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা গেলে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বাধাগুলো অনেকটাই কমে আসবে।

জাইমা রহমান বলেন, “আমরা দেখি, পুরুষদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা ও নীতিগত সহায়তা থাকে। কিন্তু নারীদের ক্ষেত্রে তা অনেক সময় থাকে না। তালগাছের ছায়ার মতো একজন অভিভাবক বা সহায়ক যদি পাশে না থাকে, তাহলে ছোট গাছ যেমন টিকে থাকতে পারে না, নারীদের ক্ষেত্রেও বিষয়টি তেমনই। সবকিছু শুধু পুরুষরাই করবে—এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের জন্যও সমান সুযোগ ও সহায়তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, নারীরা যদি নীতি নির্ধারণে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন, তাহলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য তৈরি হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top