মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

ফেনীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১১

ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দেশীয় তৈরি পাইপগানসহ শরীফুল ইসলাম শিমুল (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের নেতৃত্বে একটি দল ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মির্জা বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় কামাল উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম শিমুলের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকের আলামতের পাশাপাশি একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, ধর্মপুর এলাকা ভারত সীমান্তবর্তী হওয়ায় এটি মাদকপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। শরীফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে মাদকের আলামত এবং পরে বিস্তারিত তল্লাশিতে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। আটক যুবককে রাতেই ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top