ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবদলের দুই নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪১
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইন থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং যুবদল কর্মী লিয়ন মাহমুদ আকাশ (২২)।
পুলিশ জানায়, ফতুল্লার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গত ৯ এপ্রিল এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে শিশুসহ তিনজন আহত হন।
ঘটনার পর ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
ওসি মো. মাহাবুব হোসেন জানান, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।