বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

খরচ কমাতে বিবিসির বড় পদক্ষেপ, ১০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩

লন্ডনে বিবিসি ভবন। ছবি: বিবিসি

বিশ্বের অন্যতম বৃহৎ সংবাদমাধ্যম বিবিসি বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, সংস্থাটি শিগগিরই প্রায় দুই হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দিতে পারে। এটি গত ১৫ বছরের মধ্যে বিবিসির সবচেয়ে বড় ছাঁটাই হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে বিবিসির মোট কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার ৫০০ জন। পরিকল্পনা অনুযায়ী, এর প্রায় ১০ শতাংশ কর্মী এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন।

সম্প্রতি এক বৈঠকে বিষয়টি কর্মীদের জানানো হয়েছে বলে জানা গেছে। এই ছাঁটাই মূলত বিবিসির বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে নেওয়া হচ্ছে। আগামী মাসে নতুন মহাপরিচালক হিসেবে ম্যাট ব্রিটিন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তার দায়িত্ব গ্রহণের আগেই এই পরিবর্তন কার্যক্রম শুরু হয়েছে।

খরচ কমাতে বিবিসি প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কর্মী সংখ্যা কমানো এবং কিছু অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এর আগে সাবেক মহাপরিচালক টিম ডেভি বলেছিলেন, আগামী তিন বছরে সংস্থার মোট ব্যয়ের ১০ শতাংশ কমাতে হবে। গত ২ এপ্রিল তিনি পদত্যাগ করেন। এর আগে নভেম্বরে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তার মেয়াদে ডোনাল্ড ট্রাম্প, গাজা পরিস্থিতি এবং ট্রান্স অধিকার ইস্যু নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।

বর্তমানে বিবিসি সরকারের সঙ্গে তাদের রয়্যাল চার্টার নবায়ন নিয়ে আলোচনা করছে। আগামী বছরের শেষে এই চার্টারের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি লাইসেন্স ফি মডেল নিয়েও আলোচনা চলছে।

গত ১ এপ্রিল লাইসেন্স ফি বেড়ে ১৭৪.৫০ পাউন্ড থেকে ১৮০ পাউন্ড করা হয়েছে। গত বছর প্রায় ২ কোটি ৩৮ লাখ পরিবার থেকে ৩.৮ বিলিয়ন পাউন্ড আয় করেছে বিবিসি। এছাড়া বাণিজ্যিক খাত থেকে আরও প্রায় ২ বিলিয়ন পাউন্ড আয় এসেছে। তবে সাম্প্রতিক সময়ে লাইসেন্স ফি প্রদানকারী পরিবারের সংখ্যা কমে গেছে।

এক বছরে প্রায় তিন লাখ পরিবার কমেছে বলে জানা যায়। এর পেছনে স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে মানুষের ঝোঁক বাড়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। নেটফ্লিক্স ও ডিজনির মতো ডিজিটাল সেবার কারণে প্রচলিত টেলিভিশন দর্শক সংখ্যা কমছে।

এ পরিস্থিতিতে অফকম সতর্ক করেছে, পাবলিক সার্ভিস টেলিভিশন ভবিষ্যতে সংকটে পড়তে পারে। একই সঙ্গে বিবিসি তাদের আইপ্লেয়ার সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। সম্প্রতি ইউটিউবের সঙ্গে কনটেন্ট চুক্তিও করেছে সংস্থাটি।

বিবিসি জানিয়েছে, গত তিন বছরে তারা প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করেছে, যার বড় অংশ নতুন কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top