বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে আইনি জটিলতায় মেসি, গ্রেপ্তারের শঙ্কা!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২
আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই নতুন এক আইনি জটিলতায় পড়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে বিশ্বকাপের আগে মেসির গ্রেপ্তারের শঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।
মামলাটি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি। প্রতিষ্ঠানটি খেলাধুলা ও সংগীতভিত্তিক বড় বড় ইভেন্ট আয়োজন করে থাকে।
ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচগুলোতে প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। অভিযোগ অনুযায়ী, গত আগস্টে ভিআইডি প্রায় ৭০ লাখ ডলারে ম্যাচ দুটি আয়োজনের একক স্বত্ব কিনে নেয়। চুক্তিতে উল্লেখ ছিল, চোট না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে খেলতে হবে।
তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি মেসি। তিনি স্টেডিয়ামের একটি বিশেষ আসনে বসে পরিবারসহ খেলা উপভোগ করেন। যদিও পরদিনই তিনি নিজের ক্লাব ইন্টার মায়ামি-এর হয়ে আটলান্টা ইউনাইটেড-এর বিপক্ষে খেলতে নেমে দুই গোল করেন এবং দলকে বড় জয় এনে দেন। পরবর্তীতে পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও অংশ নেন তিনি।
মামলায় আরও বলা হয়েছে, পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি মূলত সোলজার ফিল্ড-এ আয়োজনের কথা ছিল। তবে পরে সেটি সরিয়ে নেওয়া হয় চেজ স্টেডিয়াম-এ। এতে দর্শকসংখ্যা কমে যাওয়ায় ভিআইডির আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার দাবি, নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছিল। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, টিকিট বিক্রি কম হওয়াই ছিল আসল কারণ।
ভিআইডি আরও অভিযোগ করেছে, ক্ষতি পুষিয়ে দিতে চীনে ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে ক্ষতিপূরণ আদায়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এএফএ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।