মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে এবং এতে চীন সন্তুষ্ট হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি আর কখনোই অবরুদ্ধ থাকবে না। তাঁর ভাষায়, এটি বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
ট্রাম্প লিখেছেন, তিনি এ পদক্ষেপ নিয়েছেন চীনের স্বার্থ এবং বৈশ্বিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে। তাঁর দাবি অনুযায়ী, চীন এ সিদ্ধান্তে সন্তুষ্ট এবং ভবিষ্যতে সামরিক উত্তেজনা কমাতে পারস্পরিক সহযোগিতা বাড়ছে।
তিনি আরও দাবি করেন, চীন ইরানে সমরাস্ত্র পাঠানো থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত মিলবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, সংঘাতের পরিবর্তে সহযোগিতাই এখন বিশ্ব রাজনীতির জন্য উত্তম পথ।
এর আগে ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, পশ্চিমা অবরোধ ও সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হলে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হতে পারে। দেশটির সামরিক নেতৃত্ব এটিকে চলমান পরিস্থিতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে বলেও জানায়।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।