রমজানে দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরকে সতেজ ও শক্তি জোগাতে পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। ইফতারে ফলের সালাদ হতে পারে দারুণ স্বাস্থ্যসম্মত একটি খাবার। মৌসুমি নানা ফল দিয়ে খুব সহজেই ঘরে তৈরি করা যায় এই মজাদার ফ্রুট সালাদ। এতে যেমন থাকে ভিটামিন ও খনিজ, তেমনি শরীরকে দ্রুত সতেজ করতেও সাহায্য করে।
আপেল ২টি, আঙুর ২০টি, গাজর ১টি, শসা ১টি, টমেটো ২টি, বিট অর্ধেক, টক দই আধা কাপ, বিট লবণ ১ চা চামচ, সাদা লবণ স্বাদমতো, জিরা গুঁড়া সামান্য, শুকনা মরিচের গুঁড়া সামান্য, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, সরিষার তেল সামান্য এবং চিনি পরিমাণমতো।
প্রথমে সব ফল ও সবজি ভালোভাবে ধুয়ে নিন। এরপর ছোট ছোট কিউব আকারে কেটে একটি বড় পাত্রে রাখুন। কাটা ফলের সঙ্গে টক দই বা লেবুর রস মিশিয়ে নিন।
এরপর স্বাদ অনুযায়ী বিট লবণ, চাট মসলা ও গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিন। মিষ্টি স্বাদ আনতে সামান্য চিনি বা মিষ্টি ফল ব্যবহার করা যেতে পারে। এরপর পুদিনা পাতা ও ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে স্বাদ আরও বাড়বে। পরে সুন্দর একটি বাটিতে সাজিয়ে ইফতারের টেবিলে পরিবেশন করুন পুষ্টিকর এই ফ্রুট সালাদ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।