রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

বিজয় অর্জনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

এদিকে, নির্বাচনের আগেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য উপযুক্ত বাসভবন নির্ধারণে অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থান চিহ্নিত করা হলেও সে সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ত্যাগ করার পর সেটি সংস্কার করে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যমুনা সংস্কারে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি দুই শতাধিক আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ছিল অন্তত ১৫১টি আসন, সেখানে দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনের সমর্থন অর্জন করেছে। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি।

নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত দল হিসেবে বিএনপির সংসদ নেতা হবেন তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন—এটি প্রায় নিশ্চিত।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবন নির্ধারণে আগে থেকেই একটি কমিটি কাজ করছিল। গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের প্রেক্ষাপটে তারা আবাসন বিষয়ে সুপারিশও জমা দেয়। তবে সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।

পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয় নতুন একটি কমিটি গঠন করে। তারা শেরেবাংলা নগরে দুটি স্থান বিবেচনায় নেয়— সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা

কমিটির মতে, স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন তুলনামূলকভাবে বেশি উপযোগী ছিল এবং সে অনুযায়ী প্রস্তুতিও চলছিল। বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে তা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়।

সবশেষে, এসব প্রক্রিয়া শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top