মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ড. খলিলুর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ড. খলিলুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই অভিজ্ঞ কূটনীতিককে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়া হতে পারে।

ড. খলিলুর রহমান ২০২৪ সাল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ড. খলিলুর রহমান। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি ১৯৮৩-৮৫ সময়কালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। পরে ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এ বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, আন্তর্জাতিক সংস্থায় কাজের দক্ষতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা—সব মিলিয়ে ড. খলিলুর রহমানের হাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গেলে দেশের পররাষ্ট্রনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top