প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০০
ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে হতদরিদ্র পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য কয়েকটি জেলা ও উপজেলা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে এর পরিধি বাড়ানো হবে।
খাদ্যমন্ত্রী বলেন, আপাতত ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে হতদরিদ্র পরিবারের নারীদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হলে তা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক পর্যায়ে কতজন এই সুবিধা পাবেন, তা দু-এক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে।
এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। সহায়তার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, প্রথমে কর্মবিমুখ নারী ও বিধবাদের দিয়ে কার্যক্রম শুরু করা হবে, পরে পর্যায়ক্রমে অন্যান্য উপকারভোগীদের অন্তর্ভুক্ত করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।