মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৫

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, স্থানীয় সরকার খাতে চীনের সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের আওতায় চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়েও কথা হয়েছে।

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা সমস্যার সমাধান চেয়ে আসছে এবং চীন নিজ উদ্যোগে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ-চীন সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফরের আমন্ত্রণ নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, চীন সরকার সফর বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। তবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীনেই হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top