প্রটোকল ছাড়াই রাস্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সিগন্যালে সাধারণ মানুষের সঙ্গে অপেক্ষা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২
রাজনীতিতে প্রটোকল মানেই কঠোর নিরাপত্তা, সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করা এবং সাধারণ মানুষের দীর্ঘক্ষণ ভোগান্তি—এমন ধারণাই প্রচলিত। তবে রাজধানীতে সম্প্রতি দেখা গেল ভিন্ন চিত্র। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রটোকলের বাড়তি কড়াকড়ি ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে যানজটে অপেক্ষা করতে দেখা গেছে।
সম্প্রতি একটি আনুষ্ঠানিক কর্মসূচি শেষে সচিবালয়ে ফেরার পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানীর একটি ব্যস্ত মোড়ে সিগন্যালে আটকে পড়ে। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। কিন্তু এদিন অন্য সব গাড়ির মতোই প্রধানমন্ত্রীর বহর সিগন্যাল মেনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শোনা যায়নি সাইরেন, দেখা যায়নি অতিরিক্ত তৎপরতাও।
এ সময় গাড়ির কাচ নামিয়ে পথচারীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন। কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, কেউ আবার এগিয়ে এসে শুভেচ্ছা জানান। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটির ভিডিও ও ছবি। শুরু হয় আলোচনা-সমালোচনা।
প্রত্যক্ষদর্শী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, “আমরা ধারণা করেছিলাম রাস্তা ফাঁকা করে দেওয়া হবে। কিন্তু তিনি আমাদের সঙ্গেই সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন। এটি সত্যিই ভিন্ন অভিজ্ঞতা।” এক রিকশাচালক বলেন, “আজ মনে হয়েছে উনিও আমাদের মতোই এই শহরের একজন নাগরিক।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল আচরণগত পরিবর্তন নয়; বরং একটি প্রতীকী বার্তা। নেতৃত্ব জনগণের ঊর্ধ্বে নয়—এমন বার্তাই এতে প্রতিফলিত হয়েছে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনগণের সঙ্গে দূরত্ব কমাতে সহায়ক হতে পারে।
তবে নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থাকা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রটোকল শিথিল হলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি থাকা উচিত নয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।