পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৩
পুলিশের দায়িত্ব পালনে কেউ অবৈধভাবে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী স্পষ্ট করে জানান, রাজনৈতিক বা সামাজিক যে কোনো পরিচয়েই হোক, পুলিশের বৈধ কাজে হস্তক্ষেপ বা বাধা দেওয়া যাবে না। তবে একই সঙ্গে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এমন হতে হবে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ‘ফ্যাসিবাদী’ সময়ে শুধু পুলিশ নয়, প্রায় সব প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠন করতে হচ্ছে। গণঅভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাদের উৎসাহ দেবেন এবং সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেবেন। অতীতের ভুলে না থেকে ভবিষ্যৎ লক্ষ্য সামনে রেখেই কাজ করার আহ্বান জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।