সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের ৭৪টি ফ্লাইট বাতিল, বাড়ছে দুর্ভোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১১:০৮

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এর প্রভাবে কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এতে সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, বিভিন্ন বিমান সংস্থা এ সময়ে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। অনেক ক্ষেত্রে উড্ডয়ন সময় পরিবর্তনের কথা বলা হলেও অধিকাংশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং সঠিক তথ্য না পাওয়ার অভিযোগও উঠেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে ছিল এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একাধিক ফ্লাইট।

পরদিন ১ মার্চ বাতিল করা হয় ৪০টি ফ্লাইট। এদিন ফ্লাইট স্থগিত করে জাজিরা এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারওয়েজ-সহ সংশ্লিষ্ট অন্যান্য বিমান সংস্থা।

এছাড়া ২ মার্চ আরও ১১টি ফ্লাইট বাতিলের আগাম ঘোষণা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা কাটবে না। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। অনেকে টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। পরিস্থিতি পরিদর্শনে বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তারা টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বর্তমান পরিস্থিতিতে আকাশপথ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনো স্পষ্ট নয়। ফলে ভ্রমণ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা কাটছে না যাত্রীদের।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top