মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৭:৩০
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের মাধ্যমে উদ্যোগ নিতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর–এর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। যুদ্ধ দীর্ঘায়িত হলে সবাই সমস্যায় পড়বে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। তবে যুদ্ধ কবে বন্ধ হবে, তা এককভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
ইন্দো-প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি আরও জানান, বাংলাদেশের নির্বাচন আশাতীতভাবে শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
বাণিজ্য প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ট্যারিফ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। গত ৩১ জুলাই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের নীতি সাংঘর্ষিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।