আত্মগোপনে থেকেও ফেসবুকে সরব যাহের আলভী, স্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৯:২৩
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলায় আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা যাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি নিহত স্ত্রীকে স্মরণ করে সমাজ ও চারপাশের মানুষের আচরণ নিয়ে নানা প্রশ্ন তোলেন। আলভী লেখেন, আজ যদি ইকরার জায়গায় তিনি মারা যেতেন, তাহলে কি পুরো পৃথিবী ইকরার বিরুদ্ধেও একইভাবে অবস্থান নিত? মানুষ কি তখনও তাকে টেনে নামানোর চেষ্টা করত?
একমাত্র সন্তান রিজিককে ঘিরে সাধারণ মানুষের আবেগ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। তার ভাষ্য, সন্তানের প্রতি যদি সত্যিই সবার মায়া থাকে, তবে ভবিষ্যতের কথা বিবেচনা না করে কেন এসব বিষয় প্রকাশ্যে এনে বিতর্ক তৈরি করা হচ্ছে? বড় হয়ে এসব দেখলে সন্তান মানসিকভাবে ভেঙে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
স্ত্রীর বন্ধুদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেন আলভী। তার দাবি, ইকরার বন্ধুরা প্রয়োজনের তুলনায় বেশি মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে জনমনে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।
পোস্টের শেষাংশে চরম হতাশা ও আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়। তিনি লেখেন, কোনো একদিন পাহাড়ের চূড়ায় বসে ইকরার কাছ থেকে এসব প্রশ্নের উত্তর জানতে চান। মৃত্যুর আগে ইকরা কী অনুভব করেছিলেন, তাও জানতে চাওয়ার কথা উল্লেখ করেন তিনি। মান-অভিমান শেষে সব ঠিক হয়ে যাবে—এমন কল্পনাও তুলে ধরেন স্ট্যাটাসে।
মামলার প্রধান আসামি হিসেবে আত্মগোপনে থাকা অবস্থায় তার এমন আবেগঘন ও কিছুটা হতাশাপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।